সিলেটের টিলাগাঁও এলাকায় জমসেদ মিয়া (৭০) নামে একটি বাসার কেয়ারটেকারকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে। ওই এলাকার মৃত ময়না মিয়ার ছেলে নিহত জমসেদ টিলাগাঁও এলাকার আনোয়ারুল হকের বাসার কেয়ারটেকার ছিলেন।
জমসেদ মিয়ার প্রতিবেশী আছিয়া বেগম জানান, বৃহস্পতিবার সকালে জমসেদ যে কক্ষে থাকতেন সেই কক্ষের দরজা খোলা অবস্থায় দেখতে পান আশপাশের লোকজন।
এসময় তিনি জামসেদের ভাতিজা দুলালকে বিষয়টি জানালে ওই ঘরে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায় বলে জানান তিনি।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌছুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সেখানে সিআইডির ক্রাইম ইউনিটকে তলব করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
এদিকে জমসেদের সঙ্গে একই ঘরে বসবাসকারী কলেজ ছাত্র জীবন এবং রিকশাচালক আলী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





