হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাস্তি নদে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই নারীর নাম সৈয়দা বানু (৬০) ও সায়রা বানু (৬০)। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়।

গত বুধবার বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের মরাখাষ্টি নদীতে এ নৌকাডুবি হয়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন যাত্রী বলেন, নৌকার উপরে বাদ্যযন্ত্র বাজিয়ে হৈহুল্লোড় করার কারণে নৌকার ছাদ ভেঙে নদীতে ডুবে যায়। নৌকাতে থাকা দুই নারী ডুবে যান।

মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন জানান, আমি শুনেছি নৌকাটি নাসিরনগর থেকে আখাউড়া উপজেলার খরমপুর মাজারের উদ্দেশে ছেড়ে আসে। বুল্লা ইউনিয়নের ধনকুড়া আসার পর নৌকাটি ডুবে যায়।

তখন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তাদের উদ্ধার করি। মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দুই নারীর মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজেদুর রহমান জানান, নৌকাডুবির কথা শুনেছি। এ পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। তবে নৌকার মাঝির মৃত্যুর খবরটি এখনও নিশ্চিত নয়। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।

এএস