নাটোরে দখল হওয়া সব খাল ও নদী রক্ষা এবং দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে সদর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নাটোর সদর উপজেলা নদীর রক্ষা কমিটির এক সভায় এই ঘোষণা দেওয়া হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নদী রক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক আল মাহমুদ, মৎস্য কর্মকর্তা আব্দুল দাইয়ান, অধ্যক্ষ নজরুল ইসলাম, খালিদ বিন জালাল বাচ্চু, নদী রক্ষা কমিটির সদস্য গবেষক খালেদ বিন জালাল বাচ্চু, সাংবাদিক আল মামুন, বুলবুল আহমেদ প্রমুখ।
মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, এই প্রথম নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হলো। শিগগিরই নাটোর শহরের দখল হওয়া খাল উদ্ধার ও নারদ নদ দখলমুক্ত করতে রেকর্ড অনুযায়ী নদীর সীমানা নির্ধারণের কাজ শুরু করা হবে।
তিনি আরো জানান, সীমানা নির্ধারণ কাজ শেষে দখলমুক্ত করতে অভিযান চালানো হবে।
এআইজে





