আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে জনগণের ভোটে আমরা সাংবিধানিকভাবে সরকার গঠন করেছি।’

তিনি বলেন, ‘এ সরকার কারো দোহায় দিয়ে আসেনি। সংবিধানের কোথাও লেখা নেয় যে, নির্বাচনে ৬০ থেকে ৭০ ভাগ ভোট কাস্ট হতে হবে।’

বিএনপির নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘এখন আর নির্বাচন নিয়ে কথা বলে লাভ নেই। ২০১৯ সালে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন নির্বাচনের মাঠেই বোঝা যাবে কে কত ভাল খেলোয়াড়।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্থানীয় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল ফারুক খান এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাবেক রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রমুখ।

জেআই