বরিশালে ইয়াবাসহ আটক মাদক বিক্রেতাকে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসআই ও এক কনেস্টবলকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।
অভিযুক্ত দুইজন হলেন-ডিবির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস ছালাম এবং পুলিশ কনেস্টবল মো. ছালাম
বুধবার রাতে বিষয়টি জানতে যোগাযোগ করা হলে সহকারী কমিশনার (ডিবি) ফরহাদ সরদার জানান, ২৯ আগস্ট নগরীর নবগ্রাম রোড এলাকায় অভিযান চালিয়ে এএসআই আব্দুস ছালাম এবং পুলিশ কনেস্টবল মো. ছালাম ২০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করে। পরে অর্থের বিনিময়ে ওই মাদক বিক্রেতাকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঘটনার তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত সোমবার ওই দুই ডিবি সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ সাময়িক বরখাস্তের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে তাদের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতিও দেয়া হয়েছে।
সহকারী কমিশনার (ডিবি) ফরহাদ সরদার আরো জানান, অভিযুক্ত ওই দুই ডিবির সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত লিখিত কোনো আদেশ তিনি হাতে পাননি।
এম এ





