পদ্মা নদীতে স্পিডবোট ডুবে শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামসহ ছয়জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় নদীর মঙ্গল মাঝির ঘাট সংলগ্ন পাইনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ইসলামকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম ছাড়াও আরেকজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মেয়রের শ্যালক রাসেল।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এনাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করা মঙ্গল মাঝির ঘাট এলাকার চুন্নু মাদবর জানান, সকালে শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়ালসহ ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট মাওয়া থেকে মঙ্গল মাঝির ঘাটে উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় মঙ্গল মাঝির ঘাট সংলগ্ন পাইন পাড়া এলাকায় স্পিডবোটটি মোড় নিলে ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পরে স্থানীয়রা ডুবে যাওয়া স্পিডবোটের যাত্রীদের উদ্ধার করে।
এসএম





