লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে বিজয়ী ও বিজিত দলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রিদোয়ান আরমান শাকিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। শনিবার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বনাম দালাল বাজার ইউনিয়নের মধ্যে খেলা হচ্ছিল।
খেলার শেষ পর্যায়ে ভবানীগঞ্জ ইউনিয়ন ২-০ শুন্য খেলা এগিয়ে ছিল। এক পর্যায়ে মাঠে খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
এতে দালাল বাজার ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুজনের নেতৃত্বে বহিরাগতরা ভবানীগঞ্জ দলের খেলোয়াড়দের ওপর হামলা করে। এসময় দু-পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ভবানীগঞ্জ দলের ১০ খেলোয়াড়সহ উভয়পক্ষের কমপক্ষে ২৫জন আহত হয়।
আহতদের জাকির হোসেন,সোহাগ,তাওহিদুল ইসলাম,নাইম হোসেন,সাইফুল্লাহ,ইউসুফ হোসেন,ফারুক হোসেন, আকরাম হোসেন ও সিরাজ উদ্দিনকে সদর হাসপাতাল ও অন্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের কথা স্বীকার করে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সফিকুর রহমান আরমান শাকিল জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষ খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। এতে কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়।
এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল হাসপাতালে আহতদের দেখতে গিয়ে জানান, যারা এ হামলার সাথে জড়িত। তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।
এএস





