মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর পতনউষার গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের দিনমজুর জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৬) ও মুন্নী আক্তার (৪)।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির উঠানে খেলছিল সাদিয়া ও মুন্নী। এ ব্যাপারে পতনঊষার ইউপি সদস্য নারায়ন মল্লিক সাগর বলেন, সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাড়ির উঠানে বের হয় দুই বোন। এ সময় বজ্রপাত হলে এক বোন ঘটনাস্থলেই মারা যায়। অপর বোনকে আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান দৈনিক অধিকারকে বলেন, রবিবার সকালে এই ঘটনা ঘটে। এই ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
এএস





