বরিশাল-চট্টগ্রাম রুটে লঞ্চ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শনিবার (২৫ জুন) দুপুরে সদরঘাটে সুন্দরবন-১০ লঞ্চের উদ্বোধন শেষে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বরিশাল-চট্টগ্রাম নৌরুটে যাতায়াতের জন্য দু’টি লঞ্চ নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
শাহাজান খান বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় নদী পথে ২০০৪ সালে সর্বোচ্চ দুর্ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দুর্ঘটনা কমেছে। গত বছর ২০১৫ সালে মাত্র দুটি দুর্ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ সরকার লঞ্চে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
সুন্দরবন-১০ লঞ্চটি দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন উল্লেখ করে তিনি বলেন, গত সাত বছরে ২৫/৩০টি বড় মাপের লঞ্চ নির্মাণ করেছি। সরকারিভাবে দু’টি করেছি। তবে নির্মাণের জন্য আরো পরিকল্পনা রয়েছে।
সরকারের গত মেয়াদে ১৭টি এই মেয়াদে ১০টি ফেরি নির্মাণ করা হয়েছে বলেও জানান নৌ মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেন, নৌপথে আগামীতে আর ঝুঁকি থাকবে না। নিত্য দুর্ঘটনার খবর পেতে হবে না। যাত্রীদের মানবিক সেবার কথা চিন্তা করে ব্যবসায়ীরা এগিয়ে আসবেন।
পায়রা বন্দর হলে অর্থনীতিক অবস্থা আরও বাড়বে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বরিশাল বিভাগের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুছ ও জেবুন্নেছা আফরোজ প্রমুখ।
ওএফ





