প্রশ্ন ফাঁস করে জাতির মেধাকে ধ্বংস করবেন না। আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে চাই। জ্ঞানার্জনে আমাদের সহযোগিতা করুন। শিক্ষামন্ত্রী ও প্রধামন্ত্রীর কাছে এমন আকুল আবেদন জানিয়েছেন বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নেতারা।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে তারা এ আবেদন জানান।
মানববন্ধনে নেতারা বলেন, ভয়াবহ দুর্নীতির ছোবলে দেশের মেধা ও শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। বর্তমানে যে হারে প্রশ্নপত্র ফাঁস শুরু হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন ঢালাওভাবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আর কখনও ঘটেনি।
এসএসসি, এইচএসসি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিভিন্ন সরকারি চাকরীসহ সকল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তারা বলেন, প্রতিনিয়ত প্রশ্ন ফাঁসের কারণে শিক্ষার্থীরা শিক্ষাবিমুখ হচ্ছে। এর ফলে নষ্ট হচ্ছে শিক্ষার গুণগতমান। মেধাশূন্য হচ্ছে জাতি। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব পরীক্ষার বেশিরভাগ প্রশ্নপত্রই ছাপানো হয় সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস)। এখান থেকেই পরীক্ষার আগেরদিন প্রশ্ন ফাঁস হয়। এসব ঘটনা জানাজানি হলেও সেই প্রশ্নেই পরীক্ষা নেয়া হয়।
তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের প্রত্যেক ঘটনার পরই তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত কিংবা বিচার হয় না। যার কারণে সংবাদ মাধ্যমে এসব খবর প্রকাশিত হলেও অপরাধীরা থাকে ধরা ছোঁয়ার বাইরে। মূলত দলীয়ভাবে অযোগ্য লোকদের নিয়োগ প্রক্রিয়া পাকাপোক্ত করতেই প্রশ্ন ফাঁস করা হয়।
পরিকল্পিতভাবে পাসের হার বাড়ানো হচ্ছে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন,অনেক দুর্বল শিক্ষার্থীরাও গোল্ডেন প্লাস পেয়ে পাশ করে। প্রতিবছর জিপিএ-৫ এর হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু গোল্ডেন প্লাস পেলেও অসংখ্য ছাত্রছাত্রী চাকরী ক্ষেত্রে টিকতে পারছে না।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম আশেক উল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মারশাদুর রহমান, সাধারণ সম্পাদক রাগিব হাসান, যুগ্ম সম্পাদক মাহাবুবু আলম প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
'জাতির মেধাকে ধ্বংস করবেন না'
প্রশ্ন ফাঁস করে জাতির মেধাকে ধ্বংস করবেন না। আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে চাই। জ্ঞানার্জনে আমাদের সহযোগিতা করুন। শিক্ষামন্ত্রী ও প্রধামন্ত্রীর কাছে এমন আকুল আবেদন জানিয়েছেন বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নেতারা





