বাংলা সিনেমার কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। সুচিত্রা সেনের পৈতৃক ভিটা সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সোমবার সরেজমিনে ভবনটি পরিদর্শন করেন।
দুপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক পরিচালক বদরুল আলমের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভবনটি পরিদর্শন করেন। এসময় আঞ্চলিক পরিচালকের সঙ্গে ২ জন উপসহকারী প্রকৌশলী, একজন কাস্টডিয়ান, একজন ফটোগ্রাফার, পাবনা পৌর ভূমি অফিসের কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক পরিচালক বদরুল আলম জানান, সুচিত্রা সেনের পৈতৃক ভবনটি সংস্কারের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেয়া হয়। সে কারণে আমরা সোমবার বাড়িটি পরিদর্শন করি। সংস্কারের একটি সম্ভাব্য বাজেট মন্ত্রণালয়ে পেশ করা হবে।
বাজেট প্রাপ্তির পর সংস্কারের কাজ শুরু করা হবে। তিনি আরও জানান, ভবনটির মূল নকশা অবিকৃত রেখেই সংস্কার কাজ করা হবে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





