রাজধানীতে চালককে কুপিয়ে সিএনজিচালিত ১টি অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
জুরাইন রেলগেট এলাকায় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ জানায়, আহত চালকের নাম শুক্কর আলী (৩৬)। তিনি ১২৫/১ উত্তর যাত্রাবাড়ীর আমির হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শুক্কর আলী জানান, ভোর ৬টার দিকে সদর ঘাট থেকে চারজন যাত্রী জুরাইন যাওয়ার জন্য তার সিএনজিচালিত অটোরিকশায় বসেন। সাড়ে তিনশ’ টাকা ভাড়া ঠিক করা হয়। জুরাইন রেলগেট এলাকায় এসে তারা নেমে পাঁচশ’ টাকা দিয়ে বাকি টাকা ফেরত দিতে বলেন।
এ সময় খুচরা নেই বলায় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে অটোরিকশা ও একটি মোবাইল নিয়ে যান।
ছিনতাইকারীরা শুক্কর আলীর মাথায় ও হাতে কুপিয়ে জখম করেছে বলে ঢামেকের ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানিয়েছেন।
এমকে





