চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় ময়মনসিংহের আহত এনামুল হক (৩০) মারা গেছেন।
আজ (সোমবার) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, রোববার দুপুরে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডের বিএনপির বিজয়ী প্রার্থী বাবুলের সমর্থকদের সঙ্গে জাতীয় পার্টির পরাজিত প্রার্থী জমসেদ আলীর সমর্থকদের সংঘর্ষ হয়।
এতে এনামুল হক আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসএম





