নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড.মোহাম্মদ ইউনুস বলেছেন, ‘তরুণদের কখোনোই এমন হওয়া উচিত নয় যাতে বিশ্ব তাদের পরিচালনা করবে, তরুণদেরই নিজের স্বপ্নের মত করে বিশ্বকে গড়ে তুলতে হবে।’
২৮ সেপ্টেম্বর কানাডার অটোয়ায় ‘বিশ্ব তরুণ সামিট’ এ তিনি এই কথা বলেন। তিনি বলেন, ‘আমি স্বপ্ন দেখি দারিদ্রতা মুক্ত, বেকারত্ব মুক্ত এবং কার্বন নি:সরণ মুক্ত বিশ্বের। এই তিনটি দুর্বলতা থেকে বিশ্বকে মুক্ত করতে পারে তারুণ্য, প্রযুক্তি ও ব্যবসা। আর এটিই তারুণ্যের শক্তি, তথ্য-প্রযুক্তির শক্তি এবং সামাজিক ব্যবসায়ের শক্তি।’
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তরুণদের নিজের পছন্দমত সমাজও বিশ্ব তৈরি করতে মনোনিবেশ করা উচিত। বর্তমান স্বার্থপর সভ্যতা যেন দীর্ঘস্থায়ী না হয় সেজন্য একটি নতুন সভ্যতা গড়া উচিত।’
সম্মেলনে ৬ ঘণ্টার সামাজিক ব্যবসা প্রোগ্রামে বাংলাদেশের সামাজিক ব্যবসা, কানাডার সামাজিক ব্যবসায়ী এবং সামাজিক ব্যবসার সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এই সময় ইউনুস সামাজিক ব্যবসায়ের দিকনির্দেশনা দেন।
তিন দিনের এ সম্মেলনে ১৯৬টি দেশ থেকে ১ হাজার ৩০০ জন তরুণ নেতৃত্ব অংশগ্রহণ করেন। সম্মেলনে তারা বিভিন্ন কার্যাবলি উপস্থাপন করার পাশাপাশি বিশ্ব নেতাদের কাছ থেকে চলমান বৈশ্বিক ব্যাপারে জ্ঞান অর্জন করেছেন। এটি সপ্তম ইয়াং ওয়ার্ল্ড সম্মেলন। এতে আরো উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।
সূত্র: ইউএনবি
এনসএম





