দেশের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে দীর্ঘ সাড়ে ৪২ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু হয়েছে।

আজ (রোববার) সকাল ৭টার দিকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এ রুটে লঞ্চ চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিক থেকে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রেখেছিলেন কর্তৃপক্ষ।

এদিকে গতকাল শনিবার দুপুর থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হলেও রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারে অপেক্ষারত যানবাহনের চাপ এখনো রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রেুটে বর্তমানে ছোট বড় ১৮টি ফেরির মধ্যে ১২টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিএ পরিচালক (নৌ ট্রাফিক) ফরিদ হোসেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল। আজ (রোববার) আবহাওয়া ভালো হওয়ায় সকাল ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এমবি