দুর্বল দেশের অভ্যন্তরীণ বিষয়ে সবল দেশের হস্তক্ষেপ বন্ধে প্রথমবারের মতো ৪৪-১০ ভোটে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) একটি প্রস্তাব পাস হয়েছে। আজ মঙ্গলবার ভোটাভুটির পর প্রস্তাবটি পাস হয়। আইপিইউর পাঁচ দিনের সম্মেলনের শেষ দিনে কাল বুধবার এটি গৃহীত হওয়ার কথা রয়েছে।
বিপক্ষে ভোট দেওয়া দেশগুলো হলো যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, তুরস্ক, ইউক্রেন, আইসল্যান্ড, নরওয়ে প্রভৃতি। বেলজিয়াম ভোটদানে বিরত ছিল।
বিশ্বের সর্বোচ্চ সংসদীয় ফোরাম আইপিইউর ১৩৬তম সম্মেলন গত শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে।
আইপিইউর ইতিহাসে এই প্রথম সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধে প্রথমবারের মতো এমন প্রস্তাব গ্রহণ করা হলো। প্রস্তাবটি নিয়ে সম্মেলনে অংশ নেওয়া উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। টানা তিন দিন আইপিইউর শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক উপকমিটির বৈঠকে প্রস্তাবের পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক হয়েছে।
এমই





