মুন্সিগঞ্জে সদর উপজেলার লঞ্চঘাটে মাহিন-রিফাত-১ নামের একটি লঞ্চ থেকে ১২৫ মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড । লঞ্চের ভেতরে ২০টি ড্রামে ছিল এসব জাটকা। আজ শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে এ অভিযান চালানো হয়।


কোস্টগার্ড পাগালা স্টেশনের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকার সদরঘাটগামী মাহিন-রিফাত-১ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে বিশেষভাবে বরফ দিয়ে প্যাকেট করা অবস্থায় এই জাটকাগুলো জব্দ করা হয়। নিষিদ্ধ জাটকা পরিবহনের দায়ে লঞ্চ মালিকের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


পরে অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরার উপস্থিতিতে জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

এম আর