শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড স্বাস্থ্য সহকারী মো. ইলিয়াস কাঞ্চন টিটু (৩৯) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে পরিবার ও নাগেরপাড়া ইউনিয়নবাসী।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাগেরপাড়া বাজার সড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়। পরে নাগের পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করা হয়।
নিহত টিটুর মা রাশিদা বেগম বলেন, টিটুকে যারা হত্যা করে আমার বুক খালি করেছে তাদের সর্বচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।
নিহত টিটুর বাবা মো. আব্দুল জলিল সরদার বলেন, আমার প্রতিপক্ষ মোজাম্মেল খান ও তার লোকজনরা আমার ছেলের হত্যার সাথে জড়িত। তাই তাদের বিরুদ্ধে হত্যা মামলা করেছি। ছেলের হত্যাকারীদের সর্বচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি।
মামলা সূত্রে জানা যায়, নাগেরপাড়া ইউনিয়নের ঢাকেরহাটি গ্রামে গত (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নাগেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল সরদারের ছেলে স্বাস্থ্যকর্মী ইলিয়াস কাঞ্চন টিটু (৩৯) তার ঘরের খাটের সঙ্গে পা ঝুলন্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রী।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তর জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় (৫ সেপ্টেম্বর) গোসাইরহাট থানায় একটি অপমত্যু মামলা হয়। পরে গত (১৮ সেপ্টেম্বর ) গোসাইরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ছোটকাচনা গ্রামের মৃত মান্নান খানের ছেলে মোজাম্মেল খান, জাহিদ খান, ঢাকেরহাট গ্রামের মোতালেব বেপারী, শহিদুল সরদার, রফিক সরদারসহ ১৩ জনকে ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ওইদিন রাতে মামলার আসামি জাহিদুল ইসলাম খানকে (২৫) গ্রেপ্তার করে গোসাইরহাট থানা পুলিশ।
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী মুঠোফোনে বলেন, টিটুর মৃত্যুর ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা হয়েছে। পরে টিটুর বাবা আব্দুল জলিল সরদার বাদী হয়ে গোসাইরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা করেন। মামলার আসামি জাহিদুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলমান আছে। টিটুর ময়নাতদন্তর রিপোর্ট এখনও হাতে পায়নি। রিপোর্ট পেলে বলা যাবে টিটুর মৃত্যুর রহস্য কি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মো. ইলিয়াস কাঞ্চন টিটুর মা রাশিদা বেগম, বাবা আব্দুল জলিল সরদার, স্ত্রী মিলি বেগম ও ছেলে অনিক, মুসফিক, আফিফ, গোসাইরহাট উপজেলা আ.লীগের সভাপতি শাহজাহান শিকদার, নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান মহসিন সরদার, নাগের পাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি এনায়েত করিম মিলু মাস্টার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মাস্টার প্রমুখ।
এএস





