১৮ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে অনেকে নিখোঁজ রয়েছে।

আজ (১৩ আগস্ট) মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে এই ঘটনা ঘটে।

ঘটনার পর নৌরুটটিতে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। তবে সীমিত আকারে ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, সকালে শিমুলিয়া ঘাট থেকে ১৬ যাত্রী নিয়ে একটি স্পিডবোট কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। স্পিডবোটটি মাঝ পদ্মায় এলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। এসময় স্পিডবোটের ১৮ জন যাত্রী পানিতে ডুবে যান। ঘাট থেকে অন্য স্পিডবোট গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া থেকে আসা স্পিডবোটটি মাঝ পদ্মায় ডুবে যায়। এতে স্পিডবোটে থাকা এক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি।

তবে একাধিক সূত্র জানায়, এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

বৈরী আবহাওয়ার কারণে সকাল পৌনে ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর।   

এমবি