মুন্সীগঞ্জে সেতু পারাপারে টোল চাওয়ায় মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে রাতে একদল যুবক ও টোল প্লাজার কর্মচারীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে টোল প্লাজার ম্যানেজার শেখ রেজোয়ান বাদী হয়ে যুবকদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এ সময় পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে মুক্তারপুর এলাকাস্থ ধলেশ্বরী নদীর উপর ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে টোল প্লাজার কর্মচারী মো. প্রভাতকে (২৬) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত গ্রেফতার করা দুই যুবক কাজী দীপু (২৮) ও রাকিব মিয়াসহ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ এ সব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে প্রাইভেটকারযোগে ঢাকা থেকে মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায় আসছিল কয়েকজন যুবক। এ সময় মৈত্রী সেতুর টোল প্লাজায় আসলে যুবকরা টোল না দিয়ে জোরপূর্বক সেতু পারাপার হওয়ার চেষ্টা করলে যুবক ও টোল প্লাজার কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ টোল প্লাজায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় দুই যুবককে গ্রেফতার করা হয়।
কেএইচ





