নরসিংদীর পলাশে ট্রাক চাপায় ২ যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার চরসিন্ধুর-পলাশ সড়কের তালতলা এলাকার জামতলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মামুন মিয়া (২৬) ও সাইফুল ইসলাম (২৮)। তাঁদের বাড়ি পলাশের চরসিন্ধু ইউনিয়নের মালিতা দক্ষিণ দেওড়া গ্রামে।

এলাকাবাসী জানান, চরসিন্ধুর-পলাশ সড়কে দেশবন্ধু চিনি কারখানার ট্রাক যাতায়াত করে। ডাকাতি বা ছিনতাই করার কৌশল হিসেবে সেখানে প্রায়ই মাদকাসক্ত ব্যক্তি বা ডাকাতেরা লাশের অনুকরণে রাস্তায় পড়ে থাকে। ট্রাক বা সিএনজিচালিত অটোরিকশা থামলে তারা ডাকাতি বা ছিনতাই করে মুঠোফোন ও টাকা-পয়সা রেখে দেয়।

ধারণা করা হচ্ছে, মামুন ও সাইফুল সে রকম কোনো উদ্দেশ্য নিয়ে রাস্তায় শুয়ে ছিলেন। সেখানে ট্রাক না থামিয়ে তাঁদের চাপা দিয়ে চলে গেছে। এতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন বলেন, নিহত ব্যক্তিদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ