মন্ত্রিসভায় দুই থেকে তিনজন নতুন সদস্য যুক্ত হতে পারে আজ মঙ্গলবার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুজনকে আজ ঢাকায় থাকার জন্য টেলিফোনে অনুরোধ করা হয়েছে। এঁরা হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি ও সংসদ সদস্য তারানা হালিম।

সরকারের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, সব ঠিকঠাক থাকলে আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ করাবেন। একই সঙ্গে মন্ত্রিসভার পুরোনো কারও কারও দপ্তর বদল হতে পারে। তবে কেউ বাদ পড়বেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নুরুল ইসলাম বিএসসি ও সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য তারানা হালিম মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোন পেয়েছেন।

নুরুল ইসলাম বিএসসির ব্যক্তিগত কর্মকর্তা নিয়াজ মোর্শেদ বলেন, গতকাল বিকেল পাঁচটায় নুরুল ইসলাম মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোন পেয়েছেন।

আর তারানা হালিম নিজেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোন পাওয়ার কথা স্বীকার করেছেন। তাঁকে আজ ঢাকায় থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পূর্ণ মন্ত্রী হচ্ছেন বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র থেকে জানা গেছে।

মন্ত্রিসভা পরিবর্তন-পরিবর্ধনের দায়িত্ব সম্পূর্ণই প্রধানমন্ত্রীর এখতিয়ার। তাই মন্ত্রিসভা সম্প্রসারণের ব্যাপারে দায়িত্বশীল কেউ মুখ খুলছেন না।

বর্তমান মন্ত্রিসভায় ডাক ও টেলিযোগাযোগ, স্বরাষ্ট্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে মন্ত্রী নেই।

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পাওয়া খন্দকার মোশাররফ হোসেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ওই বছরের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেয়।

তখন অধিকাংশ পুরোনো মন্ত্রীকে বাদ দিয়ে অপেক্ষাকৃত নতুন ও আগের সরকারের সময় দলের বাদ পড়া জ্যেষ্ঠ নেতাদের নিয়ে সরকার গঠন করা হয়।

ওই বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আরেক দফা তাঁর মন্ত্রিসভা সম্প্রসারণ করেন। সে সময় এ এইচ মাহমুদ আলীকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নজরুল ইসলামকে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গত বছরের ১২ অক্টোবর আবদুল লতিফ সিদ্দিকী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে অপসারিত হন। সর্বশেষ গত বৃহস্পতিবার সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন করা হয়।

প্রসঙ্গত, বর্তমান মন্ত্রিসভায় ২৯ জন মন্ত্রী, মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ দূত ও পাঁচজন উপদেষ্টা, ১৮ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী রয়েছেন।

এমকে