মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ বারউড়া এলাকা থেকে চারটি দেশীয় অস্ত্রসহ ইফতেখার উদ্দিন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল ৩টার দিকে ওই এলাকার তিন নম্বর ব্রিজে তার নিজ বাসা থেকে অস্ত্রগুলো উদ্ধার করে পুলিশ। ইফতেখার উদ্দিন শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ বারউড়া এলাকার ময়নুদ্দিনের ছেলে।
অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, তিনটি দুইনলা বন্দুক ও একটি ইয়ার গান।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ইফতেখারের সঙ্গে তার ছোট ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইফতেখারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তার ছোট ভাই। এ অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইফতেখারের বাসা ও দোকনের ভেতর থেকে তিনটি দুইনলা বন্দুক ও একটি ইয়ার গান উদ্ধার করে। পরে ইফতেখারকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ সুপার (এসপি) তোফায়েল আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএইচ





