এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার হ্রাস পেয়েছে ১ দশমিক ৭৩ ভাগ।পাশাপাশি কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও।

এখানকার শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা সচিব আ. মোতালেব হওলাদার রবিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে জানান,বরিশাল বোর্ডে ৩০০ কলেজ থেকে ১০৯টি কেন্দ্রে ৫৬ হাজার ৬৮০ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৭৯৮ এবং ছাত্রীর সংখ্যা ২৭ হাজার ৮৮২ জন।

পাস করেছে ৫৫ হাজার ৮০৪ জন। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭৩ দশমিক ১৬ এবং ছাত্রদের বেলায় এই হার ৬৭ দশমিক শূন্য ৫। গড় পাসের ক্ষেত্রে এই হার গত বছরের তুলনায় ১ দশমিক ৭৩ ভাগ কম।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৯ জন। গত বছরের চেয়ে কম ৯০৬ জন। তবে এবার সেরা দশ বা বিশ শিক্ষাপ্রতিষ্ঠনের নাম ঘোষণা না করলেও শতভাগ পাস করা ৫টি কলেজের কথা উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫৩ জন, নাজিরপুর উপজেলার শহীদ জননী মহিলা মহাবিদ্যালয় থেকে ৪৪ জন, সেরঙ্গল হাইস্কুল এন্ড কলেজ থেকে ৯ জন, বরিশাল নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ২ জন এবং গলাচিপা উপজেলার পানপট্টি কলেজ থেকে ২ জন অংশ নিয়ে সবাই পাস করেছেন।

জেলাভিত্তিক ফলে ৭৬ ভাগ পাস করে বরিশাল জেলা প্রথম, দ্বিতীয় অবস্থানে ৩৮ ভাগ পাস করে পটুয়াখালী, ৩৭ পয়েন্ট পেয়ে ভোলা জেলার অবস্থান তৃতীয়, ৩৪ ভাগ পাস করে পিরোজপুর জেলা চতুর্থ অবস্থানে, পঞ্চমে ২৭ ভাগ পাস করে বরগুনা জেলা ও ২২ ভাগ পাস করায় ঝালকাঠি জেলার অবস্থান ষষ্ঠ।

এসএইচ