করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার।
শুক্রবার ২০ মার্চ থেকে আগামী ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত এই চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।
শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, চিড়িয়াখানায় দর্শণার্থীর উপস্থিতির মাধ্যমে যাতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে সে জন্য ৩১ মার্চ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ভাইরাসের বিস্তার রোধে যখন যেখানে যা প্রয়োজন, সে আলোকে সরকার সব ধরণের পদক্ষেপ নিচ্ছে। জনসাধারণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৭৮ জনে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৭২২ জনে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৫৪ জন। এরই মধ্যে বিশ্বের ১৭৬ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
বাংলাদেশে করোনার থাবায় একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত ২০ জন।
এমবি





