রাজধানীর দক্ষিণখানের উত্তর আশকোনা মোড়ের একটি বাসা থেকে ৫ হাজার কচ্ছপসহ মো. হাফিজ আহমেদ (৫০) নামে একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় আটক হাফিজকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহম্মেদ জানান, আটক হাফিজ দুই বছর ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত। সে ভারত ও নেপাল থেকে কচ্ছপ সংগ্রহ করত। পরে কচ্ছপ ল্যাগেজে করে বিমানবন্দর দিয়ে পাচার করত। ইউরোপ ও আমেরিকার বাজারে একটি প্রমাণ সাইজের কচ্ছপের মূল্য দেড় থেকে দুই হাজার ডলার। উদ্ধার হওয়া কচ্ছপের আনুমানিক মূল্য তিন কোটি টাকা।
তিনি আরও জানান, এ পাচারকারী চক্র উত্তর আশকোনা এলাকায় দুটি ফ্ল্যাট বাসা ভাড়া করে পাচার কার্যক্রম চালিয়ে আসছে। সেখান থেকে ২৭টি বিভিন্ন সাইজের ল্যাগেজ পাওয়া যায়। এ চক্রের আরও সাত-আট সদস্য রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উদ্ধার হওয়া কচ্ছপগুলো বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করার জন্য বন বিভাগের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। হাফিজ আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহম্মেদ।
এআই





