রাজধানীর কলাবাগানে এক সমকামী অধিকারকর্মীসহ দুই জনকে খুনের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিহত জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান ইমন সোমবার গভীর রাতে কলাবাগান থানায় এই মামলা করেন বলে এএসআই শ্যামল চন্দ্র হালদার জানান।

তিনি বলেন, “এজাহারে অজ্ঞাতপরিচয় ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এখনও কাউকে আটক করা হয়নি।”

সোমবার বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে (২৬)।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিস্টেন্ট জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।

আর তনয় ছিলেন লোকনাট্য দলের কর্মী। পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে ‘শিশু নাট্য প্রশিক্ষক’ হিসেবেও কাজ করতেন তিনি।

হামলাকারীদের অস্ত্রাঘাতে ওই বাড়ির দারোয়ান পারভেজ মোল্লা আহত হয়েছেন। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন মমতাজ নামে এক এএসআই

এসএম