বীরগঞ্জে দিনাজপুর-দেবীবগঞ্জ মহাসড়কে মিনিবাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। আহত হয়েছে অন্তত ২৫ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বাগডাঙ্গা প্রেম বাজারে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার নিমতলা বালুবাড়ী গ্রামের মৃত মোতাহার আলীর ছেলে মিনিবাসের সুপারভাইজার গোলাম মোস্তফা (৩৮), গাইবান্ধা সদরের বলদিয়া গ্রামের নাসিফ উদ্দিনের ছেলে ও বীরগঞ্জ ব্রাক কর্মকর্তা কোরবান আলী (৪৫), বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী গ্রামের রবিউল ইসলাম স্ত্রী ও কাহারোল সমবায় অফিসের কর্মচারী শামিমা আকতার (৩০) শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ী গ্রামের মৃত ইসলাম উদ্দীনের মেয়ে লায়লা বেগম (১৯), একই ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী ও অজ্ঞাতনামা আরেকজন।

বীরগঞ্জ থানার এসআই মো. শফিউর রহমান জানান, দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী সোহাগ এন্টার প্রাইজ (ময়মনসিংহ-জ -০৪-০০৭৬) যাত্রীবাহী মিনিবাস বাগডাঙ্গা প্রেম বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঠাকুরগাঁও চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়।

বীরগঞ্জ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মো মাহমুদুল হাসান পলাশ জানান, আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শওকত হোসেন দুর্ঘটনায় ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

জেআই