নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। ওই সময় এলাকাবাসী ধাওয়া করে পেট্রলসহ তিন যুবককে আটক করে।

ফতুল্লার কাশীপুর দেওয়ানবাড়ি এলাকাতে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আটকেরা হলেন- শিহাব (২৪), মাহমুদ (২৬) ও সাঈদ (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সীগঞ্জ থেকে ঢাকাগামী দিঘীরপাড় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফতুল্লার কাশীপুর এলাকায় আসলে ১০-১২ জন যুবক রাস্তায় ব্যারিকেড দিয়ে বাসটি থামায়। পরে তারা লাঠিসোটা দিয়ে বাসটি ভাঙচুর করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এলাকার লোকজন ধাওয়া করে পেট্রলসহ তিনজনকে আটক করে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিসংযোগের ঘটনায় তাদের আটক করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কেএইচ