বাঁওড় দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে কুমড়ো (৪২) নামে এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর এলাকার ধান্যখোলা বাজারে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। কুমড়ো বেনাপোল পোর্ট থানার উত্তর ধান্যখোলা গ্রামের আমীর ফকিরের ছেলে।

এলাকাবাসী জানান, তিন দিন ধরে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেনাপোল পৌরসভার মেয়র গ্রুপের সমর্থক মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মফিজুরের সমর্থকদের মধ্যে বাহাদুরপুর বাঁওড় দখল নিয়ে দফায় দফায় বোমা বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে আসছিল।

এ ঘটনায় রোববার মিজানুর গ্রুপের দুই নারীসহ পাঁচ জন আহত হন। আহতের মধ্যে শাহজাহান (৫৫), শিমুল (২৪) ও নাসির উদ্দিনকে (৪২) চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নাসিরের অবস্থা আশঙ্কাজনক।

এর জের ধরে সোমবার সকালে মিজানুর গ্রুপের লোকজন বিভিন্ন স্থানে মফিজুর গ্রুপের লোকজনকে খোঁজ করতে থাকে। কয়েকজনকে মারপিটও করা হয়। বিকালে আবারও দু’গ্রুপের সংঘর্ষ হলে মিজান গ্রুপের সমর্থক যুবলীগকর্মী কুমড়ো গুলিবিদ্ধ হন। তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কেএইচ