জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে রাশেদ নামে এক ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে জয়পুরহাট-সান্তাহার সড়কের ‘কাঁঠালবাড়ি ব্রিজ’ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার রাশেদ চারটি ডাকাতি মামলার আসামি। তিনি আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিস ও সহকাল উপপরিদর্শক (এএসআই) ওবায়দুর আহত হয়েছেন। ওই সময় ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি পুলিশের।

জয়পুরহাট সিনিয়র পুলিশ সুপার (এসপি) অশোক কুমার পাল জানান, প্রতিদিনের মতো গতকাল রাতে আক্কেলপুর থানা পুলিশ সিনএনজিচালিত আটোরিকশা নিয়ে টহল দিচ্ছিল।

পুলিশের টহল দল জয়পুরহাট-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছলে ডাকাতরা অন্ধকারে অটোরিকশাটিকে সাধারণ যাত্রীবাহী সিএনজি মনে করে আটক করে। পরে তারা ভেতরে বসে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় পুলিশ তাদের প্রতিহত করতে কমপক্ষে ৬টি গুলি ছোড়ে। এতে রাশেদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হলে পুলিশ তাকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়।

অশোক কুমার আরো জানান, এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। গুলিবিদ্ধ রাশেদ ডাকাতকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ও আহত এসআই আনিস ও এএসআই ওবায়দুরকে আক্কেলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমবি