মাগুরার মহম্মদপুর উপজেলার আড়মাঝি গ্রামে শুক্রবার দুপুরে বিবাদমান দু’দলের সংঘর্ষে উভয় দলের ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১১ জনকে মহম্মদপুর হাসপাতালে এবং বাকিদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা মনিরুল ইসলাম জানায়, আড়মাঝি গ্রামের নাজির মেম্বার ও হাবিব মেম্বারের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তার ও মাতুব্বরি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে মহম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে হাবিব মেম্বার জোর পূর্বক নাজির মেম্বার সমর্থক জবেদা বেগম নামের এক বিধবার বাঁশঝাড় থেকে বাঁশ কাটলে সে সুত্র ধরে উভয়পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





