বাঘ সম্বন্ধে যারা তথ্য দেন তারা সত্যবাদী নয় বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বাংলাদেশের সুন্দরবন থেকে বাঘ পশ্চিমবঙ্গের সুন্দরবনে বেড়াতে গেছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব বাঘ দিবস ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, পরিসংখ্যান যারা দেন তারাও সত্যবাদী নন। আমার আত্মীয়-স্বজনেরা সুন্দরবন বেড়ানো শেষে বলেন, বাঘ দেখে এসেছি। তখন তাদের জিজ্ঞেস করলে বলেন, বাঘের পায়ের ছাপ দেখে এসেছি। এই হলো বাঘ দেখার পরিস্থিতি। পায়ের ছাপ দেখে ও ক্যামেরার মাধ্যমে বাঘের সংখ্যা নির্ধারণ সম্ভব নয়।
তিনি বলেন, আমাকে যখন জিজ্ঞেস করা হয় যে, বাঘ কমে গেছে কেন? তখন উত্তরে আমি বলি, কে বললো বাঘ কমে গেছে? বাঘ পশ্চিমবঙ্গের সুন্দরবনে বেড়াতে গেছে। আবার চলে আসবে।
তিনি বলেন, বাঘ রক্ষার জন্য বিশ্বব্যাংক, ইউরোপিয়ান দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন মহল দায়িত্বে আছে। কিন্তু যখন বাঘ বিলুপ্তির পথে তখন আমাদের দায়ী করা হয়। এ অনুষ্ঠানে তাদের নিয়ে আসা প্রয়োজন ছিল।
তিনি বলেন, যারা সুন্দরবন ধ্বংস করছেন বা গাছ কাটছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করলে সুন্দরবন রক্ষা সহজ হবে। এছাড়া দক্ষিণাঞ্চলের মানুষদের জ্বালানির বিকল্প হিসেবে কাঠ ছাড়া কিছুই নেই। এ বিষয়েও পদক্ষেপ নিতে হবে। তবে আমাদের দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে।
প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক ড. তপন কুমার দে। বক্তব্য দেন ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টাইন ই কিমস।
এআই





