পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সারাদেশে বজ্রপাতে একদিনে ১২ জন নিহত হয়েছেন।

শনিবার চার জেলায় বজ্রপাতে এসব প্রাণহানি ঘটে। পাবনার বেড়ায় মারা গেছেন দুই ছেলে ও পিতাসহ চারজন। সুনামগঞ্জের তাহিরপুরে পিতা-পুত্র এবং নেত্রকোনার কলমাকান্দায় এক যুবকের প্রাণ গেছে। এদিকে ময়মনসিংহে নিহত হয়েছেন ৩, চুয়াডাঙ্গায় ৩, রাজশাহীতে ১ জন।

নিহতরা হলেন, মোতালেব হোসেন (৫৫), ফরিদ সরদার (২২) শরিফ সরদার (১৮), রহমত আলী (৫০)। তারা পাট ক্ষেতে কাজ করছিলেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিক খিলা গ্রামের হারিদুল মিয়া (৪৭) ও তার ছেলে তারা মিয়া (১২)।

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় শনিবার পৃথক বজ্রপাতের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, ফুলপুর উপজেলার গড় পয়ারী গ্রামে শনিবার দুপুরে বজ্রপাতে জামাল উদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তিনি মাঠে আমন ধানের চারা পরিচর্যা করছিলেন।

অপরদিকে মাঠে হাঁস চড়ানোর সময় বজ্রপাতে বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের মো. আব্দুল মজিদের পুত্র সোহাগ মিয়া (২৩) নামের এক যুবক মারা যান। এছাড়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ধলিরকান্দা গ্রামে চান মিয়া (৫২) নামে এক কৃষক ঘটনাস্থলেই মারা যান।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বগাদির মাঠে এ ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি মেহেরপুরের কলাইডাঙ্গা গ্রামে।

নিহতরা হলেন- কলাইডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে আলামিন হোসেন, বরকত আলীর ছেলে হামিদুল ইসলাম ও মৃত গোলাম মিয়ার ছেলে হোদা মিয়া।

স্থানীয়রা জানান, বিকেলে বগাদির মাঠে ট্রাকে কলা লোড করছিলেন তারা। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুর রহমান বলেন, বজ্রপাতের কারণে ওই তিনজনের মুত্যু হয়েছে বলে শুনেছি।

রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে দূরুল হুদা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাছমারা বেনীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুরুল হুদা ওই গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। ঘটনার সময় তিনি জমিতে কাজ করছিলেন বলে জানিয়েছেন মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আযম তৌহিদ।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মারা গেছে ৩ শ্রমিক। এ সময় তারা ট্রাকে কলা বোঝাইয়ের কাজ করছিল। নিহতরা হলেন আল আমিন (৩০), বজলুল হুদা (৩২), হামিদুল ইসলাম (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সকলেই নিজ নিজ জেলায় কর্মরত অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এএস