ময়মনসিংহে চলমান কঠোর লকডাউন সফল করতে গকতাল (২৭ জুলাই) জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৪০ মামলা করা হয়েছে। এই নিয়ে গত ৪ দিনে জেলায় ১ হাজার ৪৮৪ মামলায় জরিমানা আদায় করা হয়েছে ৮ লাখ ৬৩ হাজার ৪৭৫ টাকা।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১২ জন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পুরো ময়মনসিংহ জেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করছেন। গত ২৩ জুলাই থেকে সোমবার রাত পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মামলা হয়েছে ১ হাজার ৪৮৪টি।
জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী অভিযান পরিচালনায় সার্বক্ষণিক কাজ করছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করছে।
এমবি





