রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
রোববার দুপুরে এ অভিযান শুরু হয়। গত ১২ নভেম্বর নগর ভবনে হকার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ উচ্ছেদ কার্যক্রমের ঘোষণা দিয়েছিলেন মেয়র সাঈদ খোকন।
ওইদিন মেয়র বলেন, “এখন থেকে গুলিস্তানের রাস্তায় ও ফুটপাতে কোনো ধরনের হকার বসবে না। কেউ কাউকে চাঁদা দিয়েও বসতে পারবে না। কেউ চাঁদা আদায় করতে পারবে না। কেউ চাঁদা চাইতে আসলেই আপনারা তাকে ধরে পুলিশে দেবেন।”
খোকন বলেন, উচ্ছেদকৃত হকারদের সঠিক তালিকা করা হবে। তারা যাতে পথে না বসে তার জন্য তাদের পুনর্বাসন করা হবে। যেখানে তাদের পুনর্বাসন করা হবে সেখানে বসতে হলে তাদের একটি টোকেন নিতে হবে। এই টোকেন নেওয়ার আগে সিটি করপোরেশনকে তারা রাজস্ব পরিশোধ করবেন।
প্রথম অবস্থায় গুলিস্থান থেকে হকার উচ্ছেদ করা হবে। পরে অন্যান্য ফুটপাত ও হকারমুক্ত কর হবে বলে জানান মেয়র।
এমএ





