মাদারীপুরে চাঞ্চল্যকর দুই স্কুলছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি রানা নার্গাসীকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
শিবচরের কাওড়াকান্দি থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই মামলায় রকিব শিকদার (২১), সিপন শিকদার (২০), রফিকুল ইসলাম দর্জি (২০) গ্রেফতার হন। বাকি আসামি মেহেদী হাসান (২০), উজ্জ্বল শিকদার (২৫), আলামিন হাওলাদার (২০) ও সাজন বেপারী (২০) এখনো পলাতক।
মাদারীপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, সদর থানা পুলিশ সুমাইয়া ও হ্যাপী হত্যার প্রধান আসামি রানাকে গ্রেফতার করে। বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী ইয়াদ মোর্শেদ সজল বলেন, আলোচিত এই ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি রানাকে এক মাস পর হলেও গ্রেফতার করা হয়েছে। এটা মামলার কিছুটা অগ্রগতি বলা যায়। পুলিশ বাকিদেরও খুব শিগগিরই গ্রেফতার করে আইনের আওতায় আনবে বলে ভিকটিমের পরিবারসহ সবাই আশা করে।
গত ১৩ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর দুই স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ শেষে নির্যাতন করে বিষ খাইয়ে হত্যা করে বখাটেরা। পরে ওই দুইছাত্রীকে সদর হাসপাতালে ফেলে রেখে বখাটেরা পালিয়ে যায়।
এ ঘটনায় ১৪ আগস্ট নিহত সুমাইয়ার বাবা প্রথমে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর ১৪ সেপ্টেম্বর রানাকে প্রধান আসারি করে হ্যাপীর মা মুক্তা আক্তার মাদারীপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করনে।
কেএইচ





