হরতালে রাজধানীর সায়েদাবাস বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে না। হরতাল শেষ হলে সন্ধ্যা ৬টার পর বিভিন্ন রুটে ছেড়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করছে সম্মিলিত ইসলামী দল।

হরতালে রাজধানীর জনজীবন স্বাভাবিক থাকলেও ওই রুটে সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীদের কিছুটা দুর্ভোগ পেতে হচ্ছে।

সায়েদাবাদ ইউনিক পরিবহনের কাউন্টার মাস্টার ইকবাল হাসান বলেন, হরতালের কারণে আজ (রোববার) দিনভর কোনো রুটে বাস চালাচ্ছি না। তবে সন্ধ্যা ৬টার পর নিয়মিতভাবে বাস চলাচল শুরু হবে।

তিনি জানান, টার্মিনালে অনেক যাত্রী এসে ফিরে যাচ্ছেন। কেউ আবার এখানেই বসে সময় পার করছেন। হরতাল হওয়ায় তাদের কিছুটা ভোগান্তি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সায়েদাবাদ বাস টার্মিনালের কাউন্টারগুলোর বাইরে থেকে তালা ঝুলিয়ে ভেতরে বসে আছেন শ্রমিক-কর্মকর্তারা।

অনেককে অলস সময় কাটাতে দাবা-লুডুও খেলতে দেখা গেছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর কঠোর শাস্তির দাবিতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে সম্মিলিত ইসলামী দল।

এএইচ