ঝিনাইদহের নিখোঁজ যুবদল নেতা মিরাজুলের লাশ পাওয়া গেল চুয়াডাঙ্গার খাড়াগোদা গ্রামে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা গ্রামে উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। আজ বুধবার সকালে গ্রামের চন্নতলা মাঠ থেকে এ গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মিরাজুল ইসলাম ওরফে মির্জা (২৫)। তিনি ঝিনাইদহ শহরের কাঞ্চনতলা এলাকার জনাব আলীর ছেলে এবং ঝিনাইদহ পৌর যুবদলের সহসভাপতি।

বুধবার বিকেলে নিহতের বড় ভাই ইয়াদ আলী লাশটি শনাক্ত করেন।

ইয়াদ আলী বলেন, ‘গত ১৭ মার্চ রাতে বাড়ির সামনের একটি ছাত্রাবাস থেকে সাদা পোশাকের একদল লোক গাড়িতে করে মিরাজুলকে তুলে নিয়ে যায়। ওই ঘটনার পর পরিবার থেকে থানায় যোগাযোগ করা হলে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।’
সদর উপজেলার তিতুদহ পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল কাইয়ুম বলেন, ‘নিহত মিরাজুলের লাশ পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

জেআ