রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনী মাঠের প্রায় ৬০০ফুট গভীর একটি পাইপের ভেতর জিয়াদ নামে ৪ বছরের একটি শিশু পড়ে গেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘ্টনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।
ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার ভজন কুমার সরকার স্থানীয়দের বরাত দিয়ে জানান, খেলাধুলা করতে গিয়ে শিশুটি পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। শিশুটি কয়েকবার রশি ধরার চেষ্টা করলেও ব্যর্থ হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, আমরা প্রথমে রশি দিয়ে উদ্ধারের চেষ্টা চালাই। কিন্তু তাতে ব্যর্থ হই।
পরে রশিতে কাঠ বেঁধেও উদ্ধার কাজ সম্পন্ন করা যায়নি, তাই এখন পাটের বস্তা দিয়ে তাকে উঠানোর জন্য নিচে বস্তা ফেলা হয়েছে। ওই পাম্পে অক্সিজেন দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, পাম্পের ভেতরে একটি মাইক্রোফোন দেয়া হয়েছে। কারণ শিশুটি বেঁচে থাকলে তার কান্নার আওয়াজ শোনা যাবে এটির মাধ্যমে।
উদ্ধারকাজে নিয়োজিত শাহনেওয়াজ বলেন, যতক্ষণ শিশুটিকে উদ্ধার করতে না পারা যায় ততক্ষণ উদ্ধারের কাজ চলবে।
শাহজাহানপুর থানার এসআই জাফর জানান, কলোনী এলাকায় পানির লাইনের পাম্পের একটি গর্তের মধ্যে শিশুটি পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমকে/এসএইচ





