এবার নগরীর যানবাহনগুলোতে ‘ক্লিন চট্টগ্রাম, গ্রিন চট্টগ্রাম’ লেখা স্টিকার লাগানো শুরু করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর দামপাড়া এলাকার জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মোড়ে আনুষ্ঠানিকভাবে এই স্টিকার লাগানোর উদ্বোধন করেন সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল।
উদ্বোধনকালে তিনি বলেন, ‘সুন্দর চট্টগ্রাম মহানগরী উপহার দিতে আমরা গত ২৪ অক্টোবর এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছিলাম। এটি একটি চলমান প্রক্রিয়া, এই অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর সচেতনতা বৃদ্ধির জন্যই গাড়িতে স্টিকার লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মাসুদ-উল-হাসান, কুসুম দেওয়ান (ডিবি), ফারুক আহমেদ (সদর), মো. কামরুল আমীন (দক্ষিণ), সুজায়েত ইসলাম (ট্রাফিক-বন্দর), বাংলালিংকের আঞ্চলিক পরিচালক সৌমেন মিত্র, আঞ্চলিক বাণিজ্যিক প্রধান মো. ফরহাদ হোসেন প্রমুখ।

প্রথমদিনে নগরীর বিভিন্ন যানবাহনে পাঁচহাজার স্টিকার লাগানো হয়েছে বলে সিএমপির পক্ষ থেকে জানানো হয়।

জেআই