চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতভর পুলিশের অভিযানে তারা আটক হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মুহাম্মদ নাঈমুল হাছান বিষয়টি জানিয়েছেন।
লোহাগাড়া থানার ওসি মো.শাহজাহান জানান, উপজেলার আমিরাবাদ বাজারে রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে চুনতি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো.আইয়ূবকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ১০টি মামলা আছে।
সাতকানিয়া থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন জানান, উপজেলার বারদুনা গ্রামে অভিযান চালিয়ে আট নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো.ইসমাইলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মুহাম্মদ নাঈমুল হাছান জানান, রাতভর অভিযানে জামায়াত নেতাকর্মীসহ মোট ২১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে পরোয়ানামূলে ১৮৮ জন, নিয়মিত মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসএইচ





