ঘণ্টা দুয়েক আগেও যে সড়কে দাপিয়ে বেড়াচ্ছিল চার চাকার গাড়ি, আর তিন চাকার রিকশা-সিএনজি সেখানে এখন থৈ থৈ করছে পানি। ঢেউও খেলছে রীতিমতো, আছড়ে পড়ছে রাস্তার পাশের ফুটপাতগুলোতে।
বুধবার বিকালে আধাঘণ্টার কিছু বেশি সময়ের মুষলধারে বৃষ্টিপাতের পর এই হচ্ছে রাজধানী ঢাকার অধিকাংশ সড়কের অবস্থা। বৃষ্টির পর সৃষ্ট এই জলাবদ্ধতায় সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন অফিস পাড়ার লোকেরা।
সরেজমিনে রাজধানীর ফকিরেরপুল, পল্টন, মালিবাগ, শান্তিনগর, মিরপুর, মহাখালী, কাজীপাড়া, শ্যামলী, শেওড়াপাড়া, মগবাজার, মতিঝিল ও গুলশানের বেশ কিছু রাস্তায় পানি জমে থাকতে দেখা গেছে। হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে পানি পেরিয়েই বাড়ি ফিরতে হচ্ছে রাজধানীবাসীকে।
একটু দুরের পথ পাড়ি দিতে যারা রিকশা বা বাসে উঠেছেন তাদেরও পড়তে হয়েছে অকল্পনীয় যানজটে। পানি জমে থাকায় এই দশা। যানজট নিরসন করতে একদিকে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে অন্যদিকে এক জায়গায় স্থবির হয়ে থেকে নাকাল হতে হচ্ছে ঘরমুখী মানুষগুলোকে।
বিজয় নগর মোড়ে কথা হয় বেশ কজন চাকরিজীবীর সঙ্গে। অফিস শেষে বাড়ি ফেরার জন্য এরা অপেক্ষা করছিলেন বিজয় নগর মোড়ে। একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করেন আরিফ হোসেন। বেশ বিরক্তির সঙ্গে তিনি জানান, বিকালে বাসায় ফিরবেন বলে তাড়াহুড়ো করে নেমেছেন অফিস থেকে। কিন্তু কাজ হয়নি। বাসায় যাওয়া তো দূরের কথা অফিসের নিচ থেকে রাস্তাতেও যেতে পারেননি তিনি। কারণ তার অফিসের সামনে জমেছে হাটু সমান জল। পরে দীর্ঘক্ষণ অপেক্ষার পর একটি রিক্সার দেখা পান। সেই রিক্সাতে চড়ে তিনি বাস স্টপেজে যান। কিন্তু সেখানেও গিয়ে দেখেন বাসের দরজা পর্যন্ত পানি।
এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বিকালের এই বৃষ্টি অন্যান্য দিনের মতো ছিলো না। অল্পক্ষণ বৃষ্টি হলেও তা ছিল প্রবল। তাই রাজধানীর বিভিন্ন জায়গায় জমেছে পানি।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





