শরীয়তপুরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে দুই কারারক্ষীসহ ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিরা হচ্ছেন— প্রধান কারারক্ষী সুজাউদ্দৌলা, কারারক্ষী শাহ আলম, ইয়াকুব আলী মোল্যা, গিয়াস উদ্দীন এবং স্থানীয় শরীয়তপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কমিশনার সিদ্দিকুর রহমান বেপারী ও স্থানীয় ঠিকাদার মজিবুর রহমান তালুকদার।
আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মজিবুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শরীয়তপুর কারাগারের সুপার এ এস এম কামরুল হুদা জানান, শুক্রবার ইফতারের আগে স্থানীয় শফিক কোতওয়াল ও মাসুদ জেলখানার কারারক্ষীদের ব্যারাকের সামনে থেকে পুদিনা পাতা আনতে যান। এ নিয়ে কারারক্ষীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইফতারের পরে প্রধান কারারক্ষী সুজাউদ্দৌলা ও কারারক্ষী ইয়াকুব মোল্যা জেলা কারাগারের ফটকের বাইরে চা খেতে গেলে স্থানীয়দে অতর্কিত হামলার শিকার হন।
তাদের চিৎকারে ব্যারাকে থাকা কারারক্ষীরা বেরিয়ে এলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে দুই কারারক্ষীসহ ছয়জন আহত হন।
তবে স্থানীয়রা কারারক্ষীদের ব্যারাকে হামলা চালিয়ে লুটপাট করেছে বলেও কারা কর্তৃপক্ষ অভিযোগ করেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান জেল সুপার কামরুল হুদা।
কেএইচ





