বগুড়ার ধুনটে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পাইকড়তলী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পাইকড়তলী গ্রামের আজিবর রহমান মণ্ডল (৫৫), তার স্ত্রী জুলেখা বেগম (৪৫), মেয়ে শরিফা খাতুন (১৮), রুনা খাতুন (১০) ও টকি আকতার (৭)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, পাইকড়তলী গ্রামের আজিবর রহমান মণ্ডলের পৈত্রিক ভিটে অনেক দিন আগে যমুনা নদীগর্ভে বিলীন হয়। এরপর দশ বছর আগে পাইকড়তলী গ্রামে সাড়ে সাত শতক জমি কিনে সেখানেই মাথা গোজার ঠাঁই করে নিয়েছে দিনমজুর আজিবর রহমান।
এদিকে, পাইকড়তলী গ্রামের জালাল উদ্দিন প্রামাণিক দীর্ঘদিন ধরে দিনমজুর আজিবর মণ্ডলকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করে। এক পর্যায়ে রোববার (১৮ মে) দুপুরের দিকে জালাল উদ্দিন লোকজন নিয়ে আজিবর রহমানের বাড়িতে হামলা চালায়। প্রতিপক্ষের হামলায় আজিবর রহমান ও তার স্ত্রী-সন্তানরা আহত হন।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার জানান, পাইকড়তলী গ্রামে হামলার কথা শুনেছি। কিন্তু এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। তবে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কেএইচ





