রাজশাহীর তানোর উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুবইল ও বাতাসপুর গ্রামের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন- বাতাসপুর গ্রামের কৃষক আনসার আলী (৩০), দুবইল পূর্বপাড়ার কিশোর সোহাগ আলী (১৬) ও চকরতিরামপুরের এলিনা মুরমু (৩৫)। আহতরা হলেন- বাতাসপুর গ্রামের আনন্দ সাহা (৩২) ও লিটন চন্দ্র সাহা (৩০)।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক জানান, সকালে বৃষ্টির সময় বজ্রপাত হয়। এ সময় মাঠে ধান কাটাতে গিয়ে উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর গ্রামের লোকমান আলীর ছেলে আনসার আলী বজ্রপাতে মারা যান। আহত হন একই গ্রামের অনিল সাহার ছেলে আনন্দ শাহা ও হিরেন সাহার ছেলে লিটল শাহা।
অপরদিকে, প্রায় একই সময় উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল গ্রামের পূর্বপাড়ার সামসুদ্দীনের ছেলে সোহাগ আলী (১৬) মাঠে গভীর নলকুপে কাজ করছিল। এসময় বজ্রপাতে ঘটনা স্থলে মারা যায় সে। আর ধান কাটার সময় বজ্রপাতে মারা যান এলিনা মুরমু।
তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা শওকাত আলী বলেন, বজ্রপাতে তিনজন মারা গেছেন। খবর পেয়ে উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়। নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ২০ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়েছে।
তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, লাশ স্বজনরা নিয়ে গেছেন। এদিকে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহর আলী (৩৫) উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে।
এমআর





