হবিগঞ্জের নবীগঞ্জে শীতকালীন মহড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। নিহত সেনা সদস্যের নাম অর্জুন কুমার ঝা বলে জানা যায়।

বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে মৃত ঘোষণা করা হয়। অর্জুন রংপুর কোতোয়ালি থানার বড়বাড়ি এলাকার বিনয় কুমারের ছেলে।

পুলিশ জানায়, সিলেট ক্যান্টনমেন্টের সেনাসদস্য অর্জুন কুমার ঝা নবীগঞ্জ উপজেলার ঝিটকা ক্যাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে পা পিছলে তারের সঙ্গে জড়িয়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিক তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সেনাসদস্যের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ