মুক্তামণির ডান হাতের অস্ত্রোপচার করা হলেও রক্তপাত থামছে না। তাই তাকে ফের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুর ১২ টা ৫০ মি:  -এরদিকে তাকে আবারো অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

ড.সামন্ত লাল সেন অপারেশন থিয়েটার থেকে বের হয়ে জানিয়েছেন, আমরা আমাদের সকল ব্যবস্থা গ্রহণ করেছি। পর্যাপ্ত রক্তের ব্যবস্থা করে রাখা হয়েছে। আপনারা শুধু দোয়া করবেন।

এদিকে, শনিবার সকাল পৌনে ৯টার দিকেবিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণিকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে অপারেশন করানো হয়। তখন ৪৮ ঘণ্টা পর রিপোর্ট দেওয়া হবে বলে জানানো হয়েছিল।

মুক্তামনির অপারেশনে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎকরা অংশ নেন।

বিশেষজ্ঞ টিমে ছিলেন বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক আবুল কালাম আজাদসহ এই বিভাগের বিশেষজ্ঞরা চিকিৎসকরা।

অস্ত্রপচার শেষে সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, সকাল ৮টায় তাকে অস্ত্রপচার কক্ষে নেওয়া হয়। পরে ৯টার দিকে আমরা অস্ত্রপচার শুরু করি। তার হাত থেকে বায়োপসি করতে টিসু নেওয়া হয়েছে। আমরা এগুলো পরীক্ষা করতে পাঠাবো।

তিনি আরও বলেন, মুক্ত ভালো আছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। বিকাল পর্যন্ত সে ওখানেই থাকবে।

বার্ণ ইউনিটের প্রধান আবুল কালাম বলেন, টিসু সংগ্রহ করতে আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি। কোনো জটিলতাও দেখা দেয়নি। সফলতার সঙ্গে আমরা তার টিসু সংগ্রহ করতে পেরেছি। বায়োপসি রিপোর্ট আসার পর আবার মেডিক্যাল বোর্ড আগামী সোমবার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এমবি