রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর আনন্দধারা এলাকায় খোকন (১৮) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করেছেন সোনাই (২১) নামের অপর এক তরুণ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মুগদা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী মিশুক জানান, খোকন মিয়া মুগদা এলাকার একটি গ্যারেজে গাড়ির মেকানিক হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় ওই এলাকার সোনাইয়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় খোকনকে গজারি কাঠ দিয়ে মাথায় আঘাত করেন সোনাই। এতে খোকন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি ফার্মেসিতে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে নিহতের মা নাজমা বেগম মুগদা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হত্যার সঙ্গে জড়িত সোনাইয়ের বাবা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনায়। তার বাবা মৃত. মো. নুরুল ইসলাম। মায়ের সঙ্গেই ঢাকায় থাকতেন তিনি।
এ বিষয়ে মুগদা থানার এসআই আঙ্গুর আক্তার সীমা জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সোনাইয়ের বাবা ও ভাইকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কেএইচ





