নগরীতে অভিযান চালিয়ে জাল ডলার প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা জাল ডলার বিনিময় করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতো।
পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
জাল ডলার চক্রের প্রতারণার কৌশল সর্ম্পকে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) মোস্তাক আহমেদ বলেন, প্রতারক চক্রের সদস্যরা প্রথমে ডলার ভাঙ্গানোর নিয়ম সর্ম্পকে অজ্ঞ হিসেবে নিজেকে অন্যের কাছে উপস্থাপন করতো।
এরপর দু’য়েকটি আসল ডলার বিনিময় করে অন্যের বিশ্বাস অর্জন করতো। বিশ্বাস অর্জনের পর এরকম আরও ডলার তাদের কাছে আছে বলে জানাতো। এ ধাপে এসে প্রতারকরা আসল ডলারের জায়গায় তাদের জাল ডলারগুলো বিনিময় করতো।
এক্ষেত্রে তারা ডলারের নির্ধারিত মূল্যমানের চেয়ে কম পরিমাণ টাকা নিতো। মানুষও লোভে পড়ে কম টাকায় বেশি লাভ ভেবে জাল ডলার নিতো। ফলে প্রতারণার স্বীকার হতো সাধারণ মানুষ। আর এভাবেই জাল ডলারের মাধ্যমে প্রতারকরা সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত করতো।
এমকে





